লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। মঙ্গলবার চলমান এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬ টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫১ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছিলেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের রেকর্ড ভেঙে দেন তিনি। ২০২৩ সালে অ্যাডিলেডে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন ফ্রেজার-ম্যাকগার্ক।
পেশাদার ক্রিকেটে সব সংস্করণ মিলিয়েও এটিই সূর্যবংশীর দ্রুততম সেঞ্চুরি। এর আগে গত বছর দোহায় টি-টোয়েন্টি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে ৩২ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি।
ঐতিহাসিক ইনিংসে সেঞ্চুরি পূর্ণ করতে সূর্যবংশী হাঁকান ১৬টি ছক্কা ও মাত্র পাঁচটি চার। তবে আরও বিস্ময়কর ছিল, তিনি যখন শতরানের মাইলফলক স্পর্শ করেন, তখন ভারতের সংগ্রহ ছিল ৬.৩ ওভারে ২ উইকেটে ১২২ রান। অর্থাৎ ওই সময় অন্য ব্যাটারদের অবদান ছিল ১১ বলে মাত্র ১৯ রান।
তবে সেঞ্চুরিতেই থামেননি সূর্যবংশী। ৫০ ওভারের ম্যাচে টি-টোয়েন্টির গতিতে ব্যাট চালিয়ে পাওয়ারপ্লের শেষ বলে ১৫০ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি।
বসির আহমেদ