তবে নতুন কোচের খোঁজে থাকা ইতালি ফুটবল ফেডারেশন আনচেলত্তিকে ফের নিজেদের দলে আনার সম্ভাবনাও খতিয়ে দেখছে। টানা তিনটি বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলকে নতুনভাবে গড়ে তুলতে অভিজ্ঞ ও বিশ্বমানের কোচদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারা।
গত ২১ জুলাই ইতালি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো জানান, জাতীয় দলের নতুন কোচ নিয়োগের অংশ হিসেবে পেপ গার্দিওলার সঙ্গে আলোচনা হয়েছে। পরে সম্প্রতি ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেওয়া ইতালির কিংবদন্তি পাউলো মালদিনি নিশ্চিত করেন, গার্দিওলার পাশাপাশি কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মালদিনি বলেন, ইতালির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের সেরা কোচদের নিয়েই আলোচনা শুরু হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তার ভাষায়, ‘গার্দিওলার বিষয়টি এখনই নিশ্চিত করে বলার সুযোগ নেই। তবে আপনারা ঠিকই বুঝেছেন, তিনি আমাদের বিবেচনায় আছেন। একই সঙ্গে আনচেলত্তির সঙ্গেও আমরা কথা বলেছি।’
তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা বিশ্বের সেরাদের দিয়েই আলোচনা শুরু করেছি। তবে তাদের আগ্রহ ও প্রাপ্যতা যাচাই করাও গুরুত্বপূর্ণ।’
ইতালির ফুটবলের এমন কঠিন সময়ে দায়িত্ব নেওয়া নিয়ে মালদিনি বলেন, এই দায়িত্বের সঙ্গে বড় চাপও রয়েছে। তবে দেশের ফুটবলে পরিবর্তন আনার সুযোগ এবং নতুন একটি প্রকল্পে কাজ করার সম্ভাবনাই তাকে অনুপ্রাণিত করেছে। পাশাপাশি সভাপতি মালাগোর অনুপ্রেরণাও এ সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।
মালদিনি আরও জানান, তার উপদেষ্টা হিসেবে লিওনার্দো আরাউজোকে যুক্ত করতে তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন। তাদের দুজনের মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এক হওয়ায় একসঙ্গে কাজ করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ইতালির শীর্ষ লিগ সিরি ‘আ’ নতুন এই প্রকল্পে পূর্ণ সমর্থন দিয়েছে বলেও জানান সাবেক এই ডিফেন্ডার।
ক্লাব ফুটবলে কার্লো আনচেলত্তির সাফল্য অনন্য। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর মাধ্যমে ইতিহাসের প্রথম কোচ হিসেবে পাঁচবার ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার শিরোপা জয়ের রেকর্ড গড়েন তিনি।
অন্যদিকে, পেপ গার্দিওলা ২০২৫-২৬ মৌসুম শেষে এক দশক পর ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়েন। তার কোচিংয়ে সিটি জিতেছে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি কারাবাও কাপ এবং ২০২৩ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। তার বিদায়ের পর ক্লাবটির দায়িত্ব নেন সাবেক চেলসি কোচ এনজো মারেস্কা।
বসির আহমেদ