বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিতে পারে। সংগঠনটির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন এ তথ্য জানিয়েছেন।
রবিবার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রবিবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।
বাসসহ অধিকাংশ গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। অর্থাৎ বাস পরিচালনায় ব্যবহৃত প্রধান জ্বালানির দাম সরাসরি লিটারপ্রতি ২০ টাকা বেড়েছে।
বিআরটিএ সূত্র জানায়, নতুন জ্বালানি মূল্যের কারণে বাসের পরিচালন ব্যয় কতোটা বেড়েছে, তা হিসাব করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হবে। দূরপাল্লা, মহানগর ও অন্যান্য শ্রেণির বাসের জন্য আলাদা হিসাবও বিবেচনায় আসতে পারে। তবে শেষ পর্যন্ত কিলোমিটারপ্রতি ভাড়া কতো বাড়বে, তা বৈঠকের সিদ্ধান্ত ও পরবর্তী প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করার পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিলো। তখন দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে তা ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছিলো।
এবার নতুন জ্বালানি মূল্যের পর বাসভাড়া কতোটা বাড়বে, আজকের বৈঠকেই তার প্রাথমিক চিত্র পাওয়া যেতে পারে।
বসির আহমেদ