ঢাকা | বঙ্গাব্দ

দানিয়ুবে রোমানিয়ার সেনাবাহিনীর বোমা বিস্ফোরণ, নেপথ্যে কী?

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
দানিয়ুবে রোমানিয়ার সেনাবাহিনীর বোমা বিস্ফোরণ, নেপথ্যে কী? ছবির ক্যাপশন:
ad728

রোমানিয়ার চেরনাভোদা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থায় প্রয়োজনীয় পানি পৌঁছে দিতে পুরোনো দানিয়ুব (ওল্ড দানিউব) নদীর স্রোত বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যেই নদীর তলদেশে পানির প্রবাহে বাধা হয়ে থাকা একটি বিশাল পাথর সরাতে প্রায় ১৮০ কেজি বিস্ফোরক ব্যবহার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণ চালানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম আদেভারুল জানিয়েছে, সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানের মাধ্যমে নদীর পানিপ্রবাহ বাড়িয়ে বিদ্যুৎকেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে নদীপথে নৌযান চলাচলও স্বাভাবিক রাখতে সহায়তা করবে এই উদ্যোগ।

রোমানিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী রাডু মিরুতা এ অভিযানকে সফল বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ভবিষ্যতে চেরনাভোদা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করতে হতে পারে। তবে বিস্ফোরণের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রকে অতিরিক্ত এক দিনও সচল রাখা গেলে, তার অর্থনৈতিক মূল্য এই অভিযানের ব্যয়ের চেয়ে অনেক বেশি।

তিনি আরও জানান, বর্তমানে রোমানিয়া ও হাঙ্গেরির মধ্য দিয়ে প্রবাহিত দানিয়ুব নদীর পানিপ্রবাহ নেমে এসেছে প্রতি সেকেন্ডে মাত্র ১ হাজার ৫০০ ঘনমিটারে, যা জুলাই মাসের স্বাভাবিক গড় প্রবাহের এক-তৃতীয়াংশেরও কম। পানির এই ভয়াবহ সংকট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নৌপরিবহনেও প্রভাব ফেলছে।

এর আগে গত শুক্রবার দানিয়ুব নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ব্যাঘাতের আশঙ্কায় আগস্ট মাসজুড়ে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে রোমানিয়া সরকার।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলমান তাপপ্রবাহের সর্বোচ্চ তীব্রতা দেখা যেতে পারে আগামী বুধবার ও বৃহস্পতিবার। এ সময় দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে এবং অতীতের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছুঁয়ে ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহ ও খরার প্রকোপ বাড়ছে। এর ফলে নদীর পানিপ্রবাহ কমে গিয়ে বিদ্যুৎ উৎপাদন, কৃষি ও নৌপরিবহনসহ বিভিন্ন খাতে নতুন করে সংকট তৈরি হচ্ছে।

সূত্র: গার্ডিয়ান


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স