ঢাকা | বঙ্গাব্দ

সহিংসতা রুখতে সারাদেশে প্রযুক্তিনির্ভর কঠোর নিরাপত্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
সহিংসতা রুখতে সারাদেশে প্রযুক্তিনির্ভর কঠোর নিরাপত্তা ছবির ক্যাপশন:
ad728

কেবল সড়কে টহল বাড়িয়েই নয়, বরং আগাম গোয়েন্দা তথ্য, মাঠের সশস্ত্র উপস্থিতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সারা দেশে গড়ে তোলা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা বেষ্টনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একযোগে দায়িত্ব পালন করছে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। রাজধানী ঢাকার সচিবালয়, আদালত, বিমানবন্দর, রেলস্টেশন ও নৌবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনার পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে দেশের প্রধান শিল্পাঞ্চল ও মহাসড়কগুলোতে। 

পুলিশের তথ্যমতে, গত ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনের নামে চালানো সহিংসতায় সরকারি-বেসরকারি জনসেবামূলক অসংখ্য স্থাপনা ও রাজনৈতিক নেতাদের বাসভবন ক্ষতির মুখে পড়েছে। নতুন করে যেন কোনো বিশৃঙ্খলা বা জননিরাপত্তার হুমকি তৈরি না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা নিয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে নেমেছে পুলিশ প্রশাসন। চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা ঠেকাতে শিল্পাঞ্চল, বিমানবন্দর, রেলস্টেশন, আদালত ও নৌবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রচলিত টহলের বাইরে এবারের নিরাপত্তা কৌশলে বড় মাত্রা যোগ করেছে প্রযুক্তিনির্ভর নজরদারি। মাঠের প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক দেখা হচ্ছে। 

বিজিবি সদর দপ্তরের উপ-মহাপরিচালক (মিডিয়া) কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শুধু মাঠপর্যায়ের টহলই নয়, পরিস্থিতি সামাল দিতে বিজিবি সদর দপ্তর থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারিও চালু করেছে সীমান্তরক্ষী এই বাহিনী।

ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনায় বাহিনীগুলোর মোতায়েনেও আনা হয়েছে বাড়তি গুরুত্ব। কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নের মোট ৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।

অন্যদিকে, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের সুরক্ষা, মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল এবং শিল্পাঞ্চলে উৎপাদনের স্বাভাবিক পরিবেশ ধরে রাখতে সারা দেশে ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এর মধ্যে গোপালগঞ্জে ১৫, গাজীপুরে ১৩, ফরিদপুরে ৫, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২ প্লাটুন করে সদস্য দায়িত্ব পালন করছেন। 

সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের তত্ত্বাবধানে নিয়মিত টহল, স্ট্যাটিক ডিউটি, মোবাইল মুভমেন্ট ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত রয়েছেন তারা। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সর্বোচ্চ সতর্কতা, দ্রুত সাড়া প্রদান এবং জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তাৎক্ষণিক এই নিরাপত্তা বলয়ের পাশাপাশি অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দীর্ঘমেয়াদি উন্নয়নে কাঠামোগত প্রস্তুতিও নিচ্ছে পুলিশ সদর দপ্তর। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ লক্ষ্যে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আটটি উপকমিটি গঠন করা হয়, যারা ধাপে ধাপে একাধিক সুপারিশমালা প্রণয়ন করেছে। এসব সুপারিশে রাজনৈতিক সহিংসতা, সংঘাত ও উগ্রবাদ প্রতিরোধে আগাম সতর্কতা ও দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। 

পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, মানবপাচার রোধ এবং সীমান্তপথে অস্ত্র ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাং, সংঘবদ্ধ অপরাধী চক্র, খুন, ছিনতাই ও ডাকাতি নিয়ন্ত্রণে সমন্বিত পরিকল্পনা এবং অনলাইন প্রতারণা, জালিয়াতি, হয়রানি ও আর্থিক অপরাধ তদন্তে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

পুলিশিং ব্যবস্থাকে আরও আধুনিক ও জবাবদিহিমূলক করতে উপকমিটিগুলো বাহিনীর জনবল, প্রশিক্ষণ ও লজিস্টিক সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়েছে। এর অংশ হিসেবে স্মার্ট ট্র্যাকিং সিস্টেম, বডি-ওর্ন ক্যামেরা ও অনলাইন জিডিসহ প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং মানবাধিকার, জবাবদিহিতা ও নৈতিকতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি পুলিশিং জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

এ ছাড়া আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের সমন্বয় আরও জোরদার করার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে (এসবি)।

মাঠের দৃশ্যমান তৎপরতা, প্রযুক্তির সক্রিয় নজরদারি এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক পরিকল্পনার সমন্বয়ে নাশকতার আতঙ্ক কাটিয়ে জনজীবন ও অর্থনীতিতে স্বস্তি ধরে রাখাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।

বিভি/বিএস/এজেড


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সংস্কার ও কঠোর নজরদারিতে পুঁজিবাজারে আস্থা ফিরছে: অর্থমন্ত্র

সংস্কার ও কঠোর নজরদারিতে পুঁজিবাজারে আস্থা ফিরছে: অর্থমন্ত্র