মঙ্গলবার ৫০ ওভারের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪.২ ওভারেই জয় তুলে নেয় ভারত ‘এ’ দল। এই পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি, দেড়শ ও ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন বৈভব।
মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে নতুন কীর্তি গড়েন বাঁহাতি এই ওপেনার। এর আগে ২০২৩ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৯ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। আর ২০১৫ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন এবি ডি ভিলিয়ার্স।
সেঞ্চুরির পরও থামেননি বৈভব। মাত্র ৪০ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দেড়শ রানের রেকর্ডটিও ছিল তার দখলে। গত বছর ভারতের ঘরোয়া প্রতিযোগিতায় ৫৯ বলে এই কীর্তি গড়েছিলেন তিনি। এরপর মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে সবাইকে চমকে দেন বৈভব। এর আগে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের, ১০৩ বলে।
পেশাদার ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন বৈভব। ডাবল সেঞ্চুরির পথে ২৮টি ছক্কা হাঁকান তিনি। এর মধ্য দিয়ে ভারতের রঞ্জি ট্রফিতে তন্ময় আগারওয়ালের ২৬ ছক্কা এবং ৫০ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার ডি’আর্চি শর্টের ২৩ ছক্কার রেকর্ড ছাড়িয়ে যান।
বৈভবের এমন ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সূর্যকুমার যাদব লেখেন, ‘বৈভব সূর্যবংশী। তুমি এখন আমার অনুপ্রেরণা। কী খেলোয়াড়, অসাধারণ।’
সাবেক ক্রিকেটার সুরেশ রায়নাও তার প্রশংসা করে লেখেন, ‘অবিশ্বাস্য প্রতিভা। এই অল্প বয়সে ডাবল সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর অকুতোভয় মানসিকতা ও অসাধারণ সামর্থ্যের কথা বলে। বড় স্বপ্ন দেখতে থাকো, জ্বলতে থাকো, তরুণ চ্যাম্পিয়ন।’
অন্যদিকে মোহাম্মদ কাইফ লেখেন, ‘৫৩ বলে ২০৪, ২৮ ছক্কা। বৈভব সূর্যবংশী রেকর্ড ভাঙার অপেক্ষায় থাকে না, সে ক্রিকেট ইতিহাস নতুন করে লিখছে। একজন মহাতারকা তৈরি হচ্ছে।’
বিভি/এসকে/পিএইচ
বসির আহমেদ