নিহত সোলায়মান মিয়া পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলোর স্টোর বাজারে দর্জির কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে সোলায়মান মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তার মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ উল ইসলাম বলেন, বুধবার রাতে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কিশোরগঞ্জে রেফার করা হয়। তার মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত ছিল।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভি/কিশোরগঞ্জ/পিএইচ
বসির আহমেদ