সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে, ১২ মে হবে ভোটগ্রহণ। সোমবার (৬ এপ্রিল) ইসিতে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, বিএনপি জোট ৩৬টি আসন পাবে, জামায়াত জোট ১৩টি আসন এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী আসন পাবে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। এছাড়া, নির্বাচন পরবর্তী সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। আদালতের আদেশের প্রেক্ষিতে এসব আসনের মালামাল সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়াও, শেরপুর-৩ এবং বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে পোস্টাল ভোটের কেন্দ্রসহ মোট ১২৯টি ভোটকেন্দ্র রয়েছে, বগুড়া-৬ আসনে পোস্টাল ভোটের কেন্দ্রসহ মোট ১৫১টি ভোটকেন্দ্র থাকবে। নির্বাচনী পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। দুটি আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত রয়েছে। আদালত যেভাবে নির্দেশনা দেবে, নির্বাচন কমিশন সেভাবে পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে। এ পর্যন্ত ৮০টি পর্যবেক্ষক সংস্থা থেকে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন পাওয়া গেছে। নির্বাচন কমিশন এসব প্রতিবেদন নিয়ে সেমিনার আয়োজন করবে। নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন জমা দেওয়ার জন্য কিছু প্রার্থী সময় বৃদ্ধির আবেদন করেছেন। তাদের জন্য এক মাস সময় বৃদ্ধি করা হয়েছে। ভোটার দিবস উদযাপনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তারিখ ও উদযাপনের পদ্ধতি নির্ধারণ করবে। ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার হবে না। তিনটি আলাদা প্রতিষ্ঠান বর্তমানে ইভিএম ব্যবহারের বিষয়ে পর্যালোচনা করছে। এসব প্রতিবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। যেসব যন্ত্রের প্রতি জনগণের অনাস্থা রয়েছে, সেগুলো ব্যবহার করা হবে না বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন সকল প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স