বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্রিনিচ মান সময় অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে মার্কিন বাজারদরও ঊর্ধ্বমুখী রয়েছে; যুক্তরাষ্ট্রের মানদণ্ড ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৩৯ ডলারে লেনদেন হচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা নিয়ে নতুন শঙ্কা তৈরি হওয়ায় তেলের দামে এই ঊর্ধ্বমুখী প্রভাব পড়েছে। বিশেষ করে পারস্য উপসাগর এবং কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল তেল পরিবহণ রুট ‘হরমুজ প্রণালি’ ও এর আশেপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা বৃদ্ধির ফলে সাপ্লাই চেইন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, বৈশ্বিক এই ভূরাজনৈতিক উত্তেজনা ও সমুদ্রপথে নিরাপত্তা সংকট দ্রুত সমাধান না হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে।
সূত্র: আল জাজিরা
বসির আহমেদ