১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। পরে ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ-সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকারের উদ্যোগে জাতিসংঘে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। ২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বর্তমানে বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে দিবসটি পালন করা হয়।
ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ, যা নিয়ন্ত্রণে না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে। গুরুতর ক্ষেত্রে সংক্রমণের কারণে পা কেটে ফেলার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন ও সময়মতো পদক্ষেপের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।
ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম করা এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।
৩৫ বছর বা তার বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করানো প্রয়োজন।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি আরও যোগ করেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতিসহ নানা গুরুতর সমস্যা দেখা দিতে পারে। তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রেখে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব। এ জন্য রোগটির ঝুঁকি সম্পর্কে জানা এবং সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়।
তিনি বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী আরও বলেন, ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি।
বসির আহমেদ