ঢাকা | বঙ্গাব্দ

সেঞ্চুরির অপেক্ষায় লিটন, দ্বিতীয় দিনে কতদূর যাবে টাইগাররা?

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2026 ইং
সেঞ্চুরির অপেক্ষায় লিটন, দ্বিতীয় দিনে কতদূর যাবে টাইগাররা? ছবির ক্যাপশন:
ad728

জোহানেসবার্গের গ্রিনটপ উইকেটে টসের পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই কাগিসো রাবাদার গতির মুখে পড়ে বাংলাদেশ। অভিষেক টেস্টের প্রথম বলেই রাবাদার মুখোমুখি হন মাহফিজুল রবিন। তবে অভিষেকটা তাঁর জন্য হয়ে ওঠে দুঃস্বপ্নের মতো। প্রথম বলেই রাবাদার গতির শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপরও থামেনি রাবাদার তোপ। দলীয় ২ রানে মুমিনুল হক এবং ২২ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন এই দক্ষিণ আফ্রিকান পেসার। শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।

সেই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে দুজন গড়েন ৯৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। এই পথে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম।

তবে দ্বিতীয় সেশনে আবারও রুদ্রমূর্তি ধারণ করেন রাবাদা। পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন তিনি। ৬৭ রান করে সাজঘরে ফেরেন তানজিদ তামিম। পরের বলেই আউট হন অভিজ্ঞ মুশফিকুর রহিম। বাংলাদেশের টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটারই শিকার হন রাবাদার। টেস্ট ক্যারিয়ারে ১৮তমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই পেসার।

তবে একপ্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণ চালিয়ে যান দারুণ ফর্মে থাকা তাওহীদ হৃদয়। ষষ্ঠ উইকেটে লিটন দাসকে সঙ্গে নিয়ে গড়েন ২০৬ রানের দুর্দান্ত জুটি। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া হৃদয় এবার টানা দ্বিতীয় টেস্টে শতকের দেখা পান।

সেঞ্চুরির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন হৃদয়। দিনের শেষ বলে আউট হওয়ার আগে ১৩৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। অন্য প্রান্তে সমানতালে ব্যাট চালান লিটন দাসও। মাত্র ৭১ বলে টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি তুলে নেন এই উইকেটকিপার-ব্যাটার।

দিন শেষে ৯২ রান নিয়ে অপরাজিত রয়েছেন লিটন। ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে আছেন তিনি। দ্বিতীয় দিনের শুরুতে তার সেঞ্চুরির পাশাপাশি বাংলাদেশের সংগ্রহ আরও সমৃদ্ধ করার প্রত্যাশায় থাকবেন সমর্থকেরা।

বিভি/ওটিপি/পিএইচ


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান