যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচে দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচে ১-০ গোলের জয়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় ভিনচিচ সমালোচনার মুখে পড়লেও, বিশ্লেষকদের মতে তার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই ছিল নিয়মসম্মত এবং সঠিক। ফলে সামগ্রিকভাবে তার রেফারিং প্রশংসাই কুড়িয়েছে।
স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে দীর্ঘ ও সফল রেফারিং ক্যারিয়ারের সমাপ্তি টানলেন ভিনচিচ।
৪৬ বছর বয়সী এই রেফারিকে ২০২৬ বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)। এছাড়া ইতালিয়ান রেফারিজ অ্যাসোসিয়েশন (এআইএ) তাকে সম্মানজনক জুলিও ক্যাম্পানাতি অ্যাওয়ার্ডে ভূষিত করেছে।
২০১৯ সাল থেকে উয়েফার এলিট রেফারিদের তালিকায় থাকা ভিনচিচ ইউরো ২০২০-এ দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের স্পেন-ইতালি সেমিফাইনালেও ম্যাচ পরিচালনা করেন তিনি।
২০২৬ বিশ্বকাপে তিনি মোট চারটি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন। এর মধ্যে ছিল ব্রাজিলের একটি গ্রুপ পর্বের ম্যাচ, মেক্সিকো-ইকুয়েডরের শেষ ষোলোর লড়াই এবং ফাইনাল। মেক্সিকো-ইকুয়েডর ম্যাচে নতুন নিয়ম লঙ্ঘনের দায়ে ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিয়েকে লাল কার্ড দেখান ভিনচিচ।
ক্লাব ফুটবলেও ছিল তার উজ্জ্বল উপস্থিতি। ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তিনি দায়িত্ব পালন করেন, যেখানে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে ১৫তম শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। এছাড়া ২০২২ ইউরোপা লিগ ফাইনালে প্রধান রেফারি এবং ২০২১ ইউরোপা লিগ ফাইনালে চতুর্থ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
এ ছাড়া ২০২৫ সালে গালাতাসারাই ও জোসে মরিনিয়োর ফেনারবাচের মধ্যকার তুর্কি সুপার লিগের বহুল আলোচিত ম্যাচ পরিচালনার দায়িত্বও পান ভিনচিচ। দুই ক্লাবের যৌথ অনুরোধে ওই ম্যাচে দায়িত্ব পাওয়া প্রথম বিদেশি রেফারি হিসেবে ইতিহাস গড়েন তিনি।
বসির আহমেদ