অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন এবং সাধারণ সম্পাদক, সাবেক ভিপি মুজিবুর রহমান ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক প্রমুখ।
পৌর অডিটোরিয়াম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ভৈরবের পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে সহজ যোগাযোগের জন্য সড়ক ও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণে ২৬৫ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে গ্রাম ও শহরের মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং ভৈরবের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
বক্তব্যে তিনি আরও বলেন, পতিত পরাজিত শক্তি নয় মাসেও মাথা নত করেনি। ২৪-এর আন্দোলনে ১৪০০ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এখন তারা বিএনপির সরকারের উন্নয়নকাজে বাধা দিচ্ছে এবং সারা দেশে জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করেছে। যারা আজকে আসবে, কালকে আসবে বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এসব অপশক্তিকে মোকাবিলা করা হবে। বিগত ১৭ বছরে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করে ৯ মাসের মাথায় দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। অথচ বর্তমান সরকারের এই নয় মাসে কোনো গায়েবি মামলা হয়নি এবং কেউ হয়রানির শিকার হননি। দেশের মানুষ পতিত পরাজিত শক্তিকে আর দেখতে চায় না।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ২৮ ও ২৯ তারিখের কর্মসূচি নিয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সে বিষয়ে ভৈরব, কুলিয়ারচর ও কিশোরগঞ্জ জেলার নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে সজাগ থাকতে হবে। কেউ যেন ককটেল বিস্ফোরণ বা পেট্রোল বোমা নিক্ষেপ করে জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে জানমালের ক্ষতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি কোনো দোসরের সঙ্গে যোগাযোগ না রাখা এবং কোনো তথ্য পাচার না করার বিষয়েও সতর্ক থাকতে হবে।
সবশেষে তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। তবে কেউ যদি পরিকল্পিতভাবে গণতান্ত্রিক দেশের ক্ষতি করতে চায়, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বসির আহমেদ