কাতালোনিয়ার আঞ্চলিক নেতা সালভাদোর ইয়া রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, বার্সেলোনার উত্তরে তোরদেরা শহরে একটি দেয়াল ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন।
অন্যদিকে, কাতালোনিয়ার দমকল বাহিনী জানিয়েছে, মনতোর্নেস দেল ভায়েস শহরেও বন্যার পানিতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বার্সেলোনা থেকে প্রায় ৫২ কিলোমিটার উত্তরের পিনেদা দে মার শহরে নিখোঁজ একজনকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।
ভারী বৃষ্টির আশঙ্কায় কাতালোনিয়া কর্তৃপক্ষ রেড অ্যালার্ট জারি করে। শনিবার রাত ৮টা থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, উত্তর-পূর্বাঞ্চলে একটি ‘মিনি হারিকেন’ আঘাত হানতে পারে এবং আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবারের টানা ভারী বৃষ্টিতে বার্সেলোনার কাছের বেলভিৎসে ও কোরনেল্লা এলাকায় বহু বাড়িঘর পানিতে তলিয়ে যায়। সড়কে পানির নিচে ডুবে যায় অনেক গাড়ি। এমনকি বার্সেলোনার মহাসড়কগুলোতেও জমে থাকা পানিতে হাঁস সাঁতার কাটতে দেখা যায়।
আঞ্চলিক আবহাওয়া দপ্তর মেতেওকাতের পরিচালক সারাই সারোকা শনিবার জানান, ভূমধ্যসাগরের ওপর একটি অস্বাভাবিক আবহাওয়াব্যবস্থার কেন্দ্র অবস্থান করছে। এটি কাতালোনিয়ার ওপর দিয়ে স্থলভাগে উঠে আসতে পারে এবং এর সঙ্গে ‘মিনি হারিকেন’-এর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে বার্সেলোনা বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম লা ভানগুয়ার্দিয়া।
বৃষ্টির পানিতে স্থানীয় সব ট্রেন চলাচলও ব্যাহত হয়। অনেক দোকান নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়। স্থগিত করা হয় বেশ কয়েকটি ফুটবল ম্যাচ। পাশাপাশি বার্সেলোনার বিখ্যাত লিসেউ অপেরা হাউসে ভার্দির ‘আয়িদা’ অপেরার একটি পরিবেশনাও বাতিল করা হয়েছে।
সূত্র: রয়টার্স
বসির আহমেদ