ঈদযাত্রা সুষ্ঠু করতে সব ইউনিটের ফোর্স মোতায়েন থাকবে: আইজিপি
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 17, 2026 ইং
ছবির ক্যাপশন:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে। তিনি বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না।’ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের অনেক সমস্যা হয়। সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। অনেকে ঈদের আগের দিন রওনা দিয়েও ঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারেন না। তিনি জানান, এ বছর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী হয়রানি বন্ধ, টিকিটের অতিরিক্ত মূল্য আদায় রোধ এবং সড়কে যানজট কমাতে সরকারের পক্ষ থেকে সমন্বয় সভা করা হয়েছে। তিনি আরও জানান, সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে। অনেক সময় চালক ও হেলপাররা ট্রাফিক আইন মানেন না। তারা সচেতন হলে যানজট অনেকাংশে কমানো সম্ভব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টার্মিনালকেন্দ্রিক মাদকসেবী ও ছিনতাইকারীরা রয়েছে, সব ধরনের লোকই এখানে আছে। এজন্য ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। রাজধানীতে বিভিন্ন স্থানে অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটি দূর করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আইনের মাধ্যমে আমরা এসব বন্ধ করব। পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স