জ্বালানি সংকটের মধ্যেও ঈদে স্বস্তি, দাবি অর্থমন্ত্রীর
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 25, 2026 ইং
ছবির ক্যাপশন:
জ্বালানি সংকট থাকা সত্ত্বেও সঠিক সময়ে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ায় এবারের ঈদে পরিবহন ও দ্রব্যমূল্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করে উত্তরণের লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম জরুরি। সরকার সেই দিকেই অগ্রসর হচ্ছে এবং আগামী জাতীয় বাজেটে এসব সংস্কারের প্রতিফলন দেখা যাবে বলে আশা প্রকাশ করেন। জ্বালানি তেল আমদানির জন্য অর্থের যোগান নিশ্চিত করতে আইএমএফের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে আগামী জুলাই মাসে ওয়াশিংটনে আরও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া, আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়টিও ইতিবাচক ধারায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান সংস্কার কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনীতি দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স